ইউটিউব ভিডিও

বেশ কিছুদিন হলো ইউটিউব ভিডিও আপলোড করছি। তেমন বিশেষ কোন নিশ (niche) নাই। যখন যা পাই ধরতে গেলে সেগুলিই ভিডিও করি, টুকটাক এডিট করে আপলোড করি। ফলে আমার চ্যানেলের অবস্থা তথৈবচ। সাবস্ক্রাইবার অল্প কয়েকজন (৩৬০ জন এই মূহুর্তে), ভিউ ও তেমন আশাব্যঞ্জক না। আগে ভিডিও আপলোড করে ভুলে যেতাম। এখন গত কয়েকমাস ধরে বুঝার চেষ্টা করছি কি ধরণের ভিডিও আপলোড করবো কিংবা এডিট কেমন করে করবো। বলতে দ্বিধা নাই ভিডিও এডিটিং এ আমি একেবারেই কাঁচা। বেশ কিছু ভাল ইকুইপমেন্ট (ক্যামেরা ইত্যাদি) থাকলেও এগুলোর সর্বোচ্চ ব্যবহার এখনও করতে পারছি না। 

সাধারণ ভিডিও এর তেমন কোন ভিউ নাই। শেষ কয়েকটা ভিডিও’তে ভিউ শুণ্যই। তবে শর্টস বা শর্ট ভিডিও’তে কিছু ভিউ পাই। তবে সব শর্টসে ও কিন্তু না। বিমান অবতরণের ভিডিওগুলোতে গড়ে হয়তো ৫০০ এর মতো ভিউ থাকে। এখন তাই ভাবতে হচ্ছে কেবল বিমান অবতরণের ভিডিও দিয়ে কেমন করে চলবে।

চ্যাটজিপিটি’কে জিজ্ঞাসা করেছিলাম বাংলাদেশের জন্য ট্রেন্ডিং নিশ কোনগুলি, উত্তর পেলাম

০১. টেক ও গেমিং
০২. লাইফষ্টাইল ও ফ্যাশন
০৩. শিক্ষা ও দক্ষতা
০৪. হাস্যরস ও বিনোদন
০৫. আর্ট ও ক্র্যাফট
০৬. শিক্ষা ও বিজ্ঞান
০৭. সংবাদ ও সাম্প্রতিক ঘটনাবলী
০৮. খাদ্য ও রন্ধন বিষয়ক ভ্লগ
০৯. সংগীত
১০. ধর্ম ও সংস্কৃতি
১১. খেলাধূলা
১২. অর্থ ও বিনিয়োগ
১৩. টেকসই এবং পরিবেশবান্ধব জীবনযাত্রা

এখন কথা হলো আমি কোনগুলি পারবো !?! আপাতত ভাবতেছি ঘুরাঘুরির ভিডিও তৈরী করার চেষ্টা করবো। যদিও এক্ষেত্রে অনেক ভাল ভাল কন্টেন্ট আছে। তারপরও চেষ্টা করতে হবে। 

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।