ঘটনা ১৯৮৯ সালের। ষ্টকহোমের কোন এক বাসষ্টপ। বাসের জন্য দাঁড়িয়ে আছি। লাইনে আমার আগে ১২/১৩ জন। হঠাৎ চোখ গেলো সাদা ট্রাউজার্স, সাদা কোট পড়া এক সুন্দরীর দিকে। রেগুলার কোট না, একটু ছোট। তার চেহারা দেখতে পারছিলাম না, কেবল পিছনের দিকটাই। যে জিনিসটা বেশী নজর কাড়লো সেটা হলো তার অসম্ভব সুন্দর সোনালী চুল। চুলগুলো বেণী করে পেঁচিয়ে খোঁপার মতো করা হয়েছে। খোঁপার মধ্যে চমৎকার একটা কাঁটা গুজে দেয়া। অপেক্ষাকৃত ছোট একটা হ্যাট মাথায়, একটু বাঁকা করে বসানো। আর হ্যাটের একপাশে একটা পালক। এতোটুকু দেখেই আমি তো ফিদা।
কয়েকবারই বামে-ডানে সরে চেহারা দেখার চেষ্টা করলাম। আমি যতবারই সরি, সেই মেয়েও দেখি সরে যায়। আমার আর চেহারা দেখা হয় না।
যাই হোক বাস আসলো। সবাই এক এক করে বাসে উঠা শুরু করলো। কেউ ড্রাইভারের কাছ থেকে টিকেট নিচ্ছে, বেশীরভাগই মাসিক টিকেট দেখাচ্ছে। আমি যখন পাদানিতে পা রাখলাম সেই সুন্দরী মেয়ে টিকেট নিয়ে / দেখিয়ে ঘুরলো। মনে হলো এক যেন এক বালতি বরফ গলা জল আমার মাথায় ঢেলে দিলো।
সে ছিলো লালচে দাঁড়িওয়ালা এক ব্যাটাছেলে।
(হালান্ডের চুল দেখে মনে পড়লো এই ঘটনা। এরপরে কখনই পিছন দিক থেকে কাউকে দেখে আগে মেয়ে ভাবিনি)
