পরিবেশ দূষণ, কর্পোরেট দায়বদ্ধতা এবং সত্য প্রকাশের সংগ্রাম – এই তিনটি বিষয় যখন একসাথে মিলে যায়, তখন সৃষ্টি হয় এক গভীর ও হৃদয়স্পর্শী গল্প। অ্যান্ড্রু লেভিতাস পরিচালিত “মিনামাতা (Minamata)” ঠিক তেমনই একটি চলচ্চিত্র, যা ১৯৭০ এর দশকে জাপানের মিনামাতা শহরে ঘটে যাওয়া ভয়াবহ পারদ দূষণের বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত।
এই চলচ্চিত্রে আমরা দেখি কীভাবে একটি শিল্প প্রতিষ্ঠান (চিসো) দীর্ঘদিন ধরে সমুদ্রে বিষাক্ত বর্জ্য (পারদ) নিস্কাশন করে হাজারো মানুষের জীবন বিপর্যস্ত করে তোলে। আর সেই ভয়াবহ সত্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এগিয়ে আসেন একজন ফটোসাংবাদিক – ডব্লিউ. ইউজিন স্মিথ।
জনি ডেপের অসাধারণ রূপান্তর
চলচ্চিত্রটির অন্যতম শক্তিশালী দিক হলো জনি ডেপের অভিনয়। তিনি ডব্লিউ. ইউজিন স্মিথের চরিত্রে নিজেকে এমনভাবে মিশিয়ে দিয়েছেন, যা দর্শককে চরিত্রটির ভিতরে টেনে নেয়।
একজন মদ্যপ, কিছুটা একগুঁয়ে কিন্তু সত্যের প্রতি অটল এক ফটোগ্রাফারের জীবনসংগ্রাম – ডেপ তার অভিনয়ে তা অত্যন্ত বাস্তব ও সংবেদনশীলভাবে ফুটিয়ে তুলেছেন। তার ক্যামেরা শুধু ছবি তোলে না, বরং প্রতিবাদ করে, প্রশ্ন তোলে, এবং বিশ্বকে জাগিয়ে তোলে।
বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি
চলচ্চিত্রটির সবচেয়ে মর্মস্পর্শী দিক হলো দূষণের শিকার মানুষদের জীবনচিত্র। শারীরিক বিকৃতি, অসহায়তা এবং সামাজিক অবহেলা – সবকিছুই অত্যন্ত সংবেদনশীলভাবে উপস্থাপন করা হয়েছে।
ডব্লিউ. ইউজিন স্মিথ যখন এই শহরে কাজ করছিলেন, মানে ছবি তুলছিলেন তখন চিসো নামের এই প্রতিষ্ঠান থেকে তাঁকে ঘুষ দিয়ে নিবৃত্ত করতে চায়। কিন্তু তিনি সেটি নিতে অস্বীকৃতি জানান। এরপর তাঁর অস্থায়ী ফটোল্যাব আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এরপরও যখন তিনি থামলেন না, তখন তাঁকে শারীরিকভাবে আহত করা হয়। এটি কোনো অতিরঞ্জিত নাটকীয়তা নয়; বরং বাস্তবতার নির্মম প্রতিফলন। দর্শক হিসেবে আপনি শুধু দেখবেন না, সেই সাথে অনুভব ও করবেন।

একটি ছবির শক্তি
“মিনামাতা” আমাদের মনে করিয়ে দেয়, একটি ছবি কতটা শক্তিশালী হতে পারে।
স্মিথের তোলা ছবিগুলো শুধু ডকুমেন্টেশন ছিল না; সেগুলো ছিল প্রতিবাদের ভাষা। এই ছবিগুলোই বিশ্ববাসীর নজর কাড়ে এবং একটি শক্তিশালী কর্পোরেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনমত তৈরি করতে সাহায্য করে।
ফটোসাংবাদিকতার এই প্রভাব ও দায়বদ্ধতা চলচ্চিত্রটিতে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে।
অন্যান্য অভিনয়
জনি ডেপ ছাড়াও জাপানি অভিনয়শিল্পীদের পারফরম্যান্স ছিল অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে মিনামি (আইলেন চরিত্রে) এবং হিরোউকি সানাদা (মিৎসুও ইয়ামাজাকি চরিত্রে) তাদের চরিত্রকে গভীরতা দিয়েছেন।
কিছু সীমাবদ্ধতা
যদিও চলচ্চিত্রটি শক্তিশালী, তবুও কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন
- ধীরগতির বর্ণনা (Slow pacing): গল্প বলার গতি কিছুটা ধীর, যা সব দর্শকের জন্য আকর্ষণীয় নাও হতে পারে।
- পরিচিত ট্রিটমেন্ট: একজন শিল্পীর ব্যক্তিগত সংকট থেকে উঠে আসার গল্প কিছুটা পরিচিত মনে হতে পারে।
- ঘটনার সরলীকরণ: বাস্তব ঘটনার বিশালতা সিনেমায় সম্পূর্ণভাবে তুলে ধরা সম্ভব হয়নি, ফলে কিছু চরিত্র ও দিক গভীরভাবে দেখানো যায়নি।
সারসংক্ষেপ
“মিনামাতা” শুধু একটি চলচ্চিত্র নয়, এটি একটি বার্তা। আমরা আমাদের দেশে এরকম বহু কর্পোরেট বঞ্চনার কথা শুনি, পরিবেশ দূষণের কথা শুনি কিংবা দেখি। কিন্তু শেষ পর্যন্ত কোন কিছুরই হয়তো সমাধান হয় না। গার্মেন্টস শিল্প এদেশে অন্যতম প্রধান শিল্প খাত। কিন্তু এখানে বঞ্চনার শেষ নেই। প্রায়ই দেখা যায় এইসব শিল্পে কর্মরত শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে রাস্তা অবরোধ করে রাখে। আবার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নিস্কাশিত বর্জ্যে বুড়িগঙ্গা / শীতলক্ষ্যা নদীর পানি দূষিত হয়ে গেছে।
শিল্প ও বাস্তবতার মেলবন্ধনে নির্মিত এই চলচ্চিত্রটি দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। যারা বাস্তবধর্মী গল্প, ফটোসাংবাদিকতা এবং মানবিক সংগ্রামের গল্প পছন্দ করেন, তাদের জন্য “মিনামাতা” অবশ্যই দেখার মতো একটি চলচ্চিত্র।
ছবি কৃতজ্ঞতা : W Eugene Smith / Others
